বাংলা ম্যারাথনের উদ্যোগে “দৌড় শব্দকোষ” ও ত্রৈমাসিক অনলাইন ম্যাগাজিন “দৌড়”-এর মোড়ক উন্মোচন

বাংলা ম্যারাথনের উদ্যোগে “দৌড় শব্দকোষ” ও ত্রৈমাসিক অনলাইন ম্যাগাজিন “দৌড়”-এর মোড়ক উন্মোচন

25 May 20266 views

বাংলা ম্যারাথনের আয়োজক যোয়েল কর্মকার ও নাজিম শাহেদ জানান, বাংলা ভাষাভাষী রানারদের জন্য একটি জ্ঞানভিত্তিক ও ইতিবাচক প্ল্যাটফর্ম তৈরির প্রয়াস থেকেই এই প্রকাশনার যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের রানিং কমিউনিটির বিকাশের লক্ষ্যে আগামীতেও সবার অংশগ্রহণে এ যাত্রা অব্যাহত থাকবে।

দেশব্যাপী আয়োজিত বিভিন্ন রানিং ইভেন্টের ধারাবাহিকতায় ম্যারাথন আয়োজক ‘বাংলা ম্যারাথন’ নতুন রানারদের উদ্বুদ্ধ করা, দৌড় বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে বাংলা ভাষায় প্রকাশ করেছে “দৌড় শব্দকোষ” এবং ত্রৈমাসিক অনলাইন ম্যাগাজিন “দৌড়”।

২২ মে ২০২৬, শুক্রবার ঢাকায় এ দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন রানিং ইভেন্ট ও কমিউনিটির প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের AIMS অ্যাম্বাসেডর ও রান বাংলা’র রেস ডিরেক্টর খন্দকার রাজীব হোসেন, রান বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সাজনান মোহাম্মদ, ইন্সপায়ার বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ, অ্যাকটিভ পালস বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা মো. তানভীর হাসান, প্রবীণ রানার ও সোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন খান, আল্ট্রা রানার ও রোয়ান ফার্মা (বিডি) লি.-এর ইন্টারন্যাশনাল বিজনেস ডিরেক্টর ও সিইও একেএম আহসান উল্যাহ, আল্ট্রা রানার নিপু সেন ও শংকর দে, হাইড্রেশন পাউডার ফুয়েল-এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তারেক উদ্দিন, ডক্টর'র রান-এর প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল এর সহকারী অধ্যাপক ডা. উজ্জ্বল কুমার মল্লিক এবং বাংলাদেশে সর্বোচ্চ দূরত্ব অতিক্রমকারী রানার এবাদ উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, বিভিন্ন রানিং ইভেন্ট ও কমিউনিটি কার্যক্রমে মানুষের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে দৌড় বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ শব্দ, ধারণা ও প্রশিক্ষণসংক্রান্ত তথ্য এখনও বাংলায় সহজভাবে উপস্থাপিত হয়নি। এই বাস্তবতা থেকে বাংলা ম্যারাথনের উদ্যোগে প্রকাশিত “দৌড় শব্দকোষ” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে রানিং-সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দ, পরিভাষা ও তাদের ব্যবহারিক দিক সহজ, প্রাঞ্জল ও বোধগম্য বাংলায় তুলে ধরা হয়েছে। নতুন রানারদের পাশাপাশি অভিজ্ঞ রানারদের জন্যও এটি একটি সহায়ক রেফারেন্স হিসেবে কাজ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

এর পাশাপাশি প্রকাশিত হয় ত্রৈমাসিক অনলাইন ম্যাগাজিন “দৌড়”, যেখানে স্থান পেয়েছে রানিং বিষয়ক অভিজ্ঞতা, স্বাস্থ্য সচেতনতা, প্রশিক্ষণ কৌশল, পুষ্টি, মানসিক প্রস্তুতি, অনুপ্রেরণামূলক গল্প এবং দেশের বিভিন্ন রানিং উদ্যোগের নানা দিক।

বাংলা ম্যারাথনের আয়োজক যোয়েল কর্মকার ও নাজিম শাহেদ জানান, বাংলা ভাষাভাষী রানারদের জন্য একটি জ্ঞানভিত্তিক ও ইতিবাচক প্ল্যাটফর্ম তৈরির প্রয়াস থেকেই এই প্রকাশনার যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের রানিং কমিউনিটির বিকাশের লক্ষ্যে আগামীতেও সবার অংশগ্রহণে এ যাত্রা অব্যাহত থাকবে।

“দৌড় শব্দকোষ” বইটি ক্রয় করতে: [https://www.rokomari.com/book/535625/dour-shobdokosh](https://www.rokomari.com/book/535625/dour-shobdokosh)

Share this post